জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তি দিয়ে আইন প্রণয়ন সম্পূর্ণ বৈধ বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি জানিয়েছেন, জুলাই যোদ্ধাদের দায়মুক্তি নিশ্চিত করতে আইন মন্ত্রণালয় একটি দায়মুক্তি অধ্যাদেশের খসড়া প্রস্তুত করেছে।


বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানান তিনি।


আসিফ নজরুল বলেন, জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত করেছেন। গণঅভ্যুত্থান চলাকালে ফ্যাসিস্ট শেখ হাসিনার অনুসারীদের বিরুদ্ধে তারা যে প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনা করেছিলেন, সে কারণে তাদের দায়মুক্তি দেওয়ার অধিকার রয়েছে। এ জন্য আইন প্রণয়ন প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।


তিনি আরও বলেন, এ ধরনের আইন প্রণয়ন সম্পূর্ণ বৈধ। আরব বসন্তসহ বিভিন্ন দেশে গণঅভ্যুত্থানের মাধ্যমে জনঅধিকৃত সরকারের পতনের পর দায়মুক্তির আইন প্রণয়নের নজির রয়েছে।


আইন উপদেষ্টা জানান, বাংলাদেশের সংবিধানের ৪৬ অনুচ্ছেদে দায়মুক্তি আইন প্রণয়নের বৈধতা রয়েছে। পাশাপাশি ১৯৭৩ সালে মহান মুক্তিযুদ্ধের পর মুক্তিযোদ্ধাদের জন্য দায়মুক্তি আইন প্রণয়নের দৃষ্টান্তও রয়েছে। এসব আইনি ভিত্তি ও নজিরের আলোকে দায়মুক্তি অধ্যাদেশের খসড়া তৈরি করা হয়েছে।


তিনি বলেন, ইনশাআল্লাহ আগামী উপদেষ্টামণ্ডলীর বৈঠকে অধ্যাদেশটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে নিরাপদ রাখা আমাদের পবিত্র দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।