ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।

আজ মঙ্গলবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল তাঁর বাকি সাক্ষ্য গ্রহণ করে।

জবানবন্দির শেষপর্যায়ে মাহমুদুর রহমান বলেন, “আমি একজন সাংবাদিক, লেখক এবং ইতিহাস গবেষক হিসেবে গত ১৬ বছর ধরে দেশে ফ্যাসিস্ট শাসনের উত্থান, বিস্তার ও শেষপর্যায়ের পতনের চিত্র প্রত্যক্ষ করেছি। লেখালেখি ও বক্তৃতার মাধ্যমে জনগণকে বারবার সচেতন করার চেষ্টা করেছি। আমি চাই, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। ন্যায়বিচার পেলে প্রায় ১,৪০০ শহীদ ও ২০,০০০ আহত পরিবারের দীর্ঘদিনের ক্ষোভ ও শোক কিছুটা হলেও উপশম হবে।”

তিনি আরও বলেন, “যদি এই বিচারকাজের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়, তাহলে ভবিষ্যতের সরকারগুলোও গণবিরোধী পথে হাঁটার আগে একবার ভাববে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হিটলারের মতো বাংলাদেশেও যেন আর কোনো ফ্যাসিস্ট শাসক না আসে, আমরা চাই সেই ‘নেভার অ্যাগেইন’-এর বার্তাই পৌঁছে যাক—এই বিচারের মাধ্যমে। দেশের মানুষ যেন আর কখনো বিগত ১৫ বছরের দুঃশাসনের পুনরাবৃত্তির শিকার না হয়।”

সাক্ষ্যগ্রহণ শেষে তাকে জেরা শুরু করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন, যিনি শেখ হাসিনা ও কামালের পক্ষে আদালতে প্রতিনিধিত্ব করছেন।

এদিন আদালতে হাজির ছিলেন মামলার অন্যতম আসামি থেকে রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দেওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনও।