প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, জুলাই গণঅভ্যুত্থানকালে সংঘটিত হত্যাকাণ্ডের প্রথম রায় শিগগিরই ঘোষণা করা হবে। বৃহস্পতিবার বেলা আড়াইটায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, “গত বছর আগস্টে জুলাই গণঅভ্যুত্থানের শক্তিতে আমরা অন্তর্বর্তী সরকার গঠন করি। এরপর থেকে আমাদের তিনটি প্রধান দায়িত্ব ছিল—জুলাই হত্যাকাণ্ডের বিচার, গণতান্ত্রিক সংস্কারের বাস্তবায়ন এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর।”
ড. ইউনূস জানান, জুলাই হত্যাকাণ্ডের বিচারকাজ দ্রুত এগিয়ে চলছে। এ উদ্দেশ্যে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের প্রথম রায় ঘোষণা করতে যাচ্ছে। আরও কয়েকটি মামলা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। পাশাপাশি সাধারণ আদালতগুলোতেও জুলাই হত্যাকাণ্ড ও গুমের মতো নৃশংস অপরাধের বিচার শুরু হয়েছে।
সংস্কার অগ্রগতি নিয়েও বক্তব্য দেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, “অন্তর্বর্তী সরকার নিজ উদ্যোগে এবং সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী বিচার বিভাগের স্বাধীনতা, আর্থিক খাতে স্বচ্ছতা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, ডিজিটালাইজেশন ও দুর্নীতি প্রতিরোধে নানা পদক্ষেপ নিয়েছে। এসব সংস্কার ভবিষ্যতে সুশাসনের ভিত্তি তৈরি করবে।”
তিনি জানান, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। “নির্বাচন উৎসবমুখর, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে আয়োজনে সব প্রস্তুতি চলছে,” বলেন ড. ইউনূস।
ভাষণের শেষাংশে তিনি বলেন, “আমাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি। বিচারের অগ্রগতি ও সংস্কারের সাফল্য গণতন্ত্র পুনর্গঠনের পথে নতুন দিগন্ত উন্মোচন করবে।”





