জুলাই গণ-অভ্যুত্থানের সময় সেনাবাহিনীর ভূমিকা স্মরণ করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “সেনাবাহিনী সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল এবং এজন্য তাদের ভূয়সী প্রশংসা করি।”
তিনি আরও বলেন, আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও আনন্দময় করতে সেনাবাহিনীর সহায়তা অপরিহার্য।
বুধবার দুপুরে মিরপুর সেনানিবাসের ডিফেন্স সার্ভিস কমান্ড ও স্টাফ কলেজ (ডিএসসিএসসি) অডিটরিয়ামে আয়োজিত কোর্স-২০২৫ গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ মন্তব্য করেন।
ড. ইউনূস বলেন, “দেশবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত এই নির্বাচন যেন শান্তিপূর্ণ উৎসব হিসেবে অনুষ্ঠিত হয়, এজন্য সেনাবাহিনীর সহায়তা একান্তভাবে কামনা করছি।”
এবারের কোর্সে বাংলাদেশ, চীন, ভারত, তুরস্ক, পাকিস্তানসহ বিশ্বের ২৪টি দেশের ৩১১ জন তরুণ সামরিক অফিসার অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিতরা জানায়, কোর্স সম্পন্নকারী অফিসাররা অর্জিত জ্ঞান ব্যক্তিগত ও পেশাগত জীবনে কাজে লাগিয়ে দেশের সংকটময় মুহূর্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।
অনুষ্ঠানে সরকারের উপদেষ্টারা, মন্ত্রিপরিষদ সচিব এবং তিন বাহিনীর প্রধানসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





