বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, “শহীদ শব্দটি শুধু ব্যক্তিগত আত্মদান নয়, এটি একটি জাতিকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার প্রতীক। যারা নতজানু রাষ্ট্রকে স্বাধীন রাষ্ট্রে রূপ দিতে প্রাণ দিয়েছে, তাদের মধ্যে একজন ইমাম হোসেন তায়িম।” তিনি বলেন, ’৭১ সালের মুক্তিযোদ্ধাদের মতোই ’২৪ সালের জুলাই আন্দোলনের শহীদরাও মুক্তিকামী যোদ্ধা।
সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় কুমিল্লার চান্দিনা উপজেলার এতবারপুরে ‘চব্বিশের গণঅভ্যুত্থানে’ শহীদ ইমাম হাসান তায়িম ভূঁইয়ার কবর জিয়ারত শেষে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, “রাজধানী থেকে অনেক দূরে প্রত্যন্ত অঞ্চলের একটি ধানের জমির পাশে তায়িম ঘুমিয়ে আছেন। কিন্তু তার এই আত্মত্যাগের উদ্দেশ্য যেন জাতি ভুলে না যায়। তিনি কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, জাতিকে মুক্ত করার অঙ্গীকার নিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন।”
তায়িমের মাকে উদ্দেশ করে তিনি আরও বলেন, “তায়িম পরিবারের কথা না শুনে আন্দোলনে অংশ নিয়েছিল। ঘর থেকে বেরিয়ে আর ফিরে আসেনি। আজও এই মা সন্তানহারা শোক বয়ে বেড়াচ্ছেন। কিন্তু তায়িমের আত্মত্যাগ আমাদের গণতন্ত্রের জন্য নতুন প্রেরণা। আমরা যেন তার আত্মত্যাগ কখনো না ভুলি—তাহলেই হবে তার প্রতি আমাদের সর্বোচ্চ শ্রদ্ধা।”
পরে রিজভী শহীদ তায়িমের পারিবারিক কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং তার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে তিনি পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন এবং শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সি, চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন, সাধারণ সম্পাদক কাজী আরশাদ, পৌর বিএনপি সভাপতি এ বি এম সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহ্ মো. আলমগীর খান, ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সি, যুবদল নেতা অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম বাবু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ডা. সাইফুল্লাহ বাপ্পি প্রমুখ।





