জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলার কারণ দেখিয়ে বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র ইউটিউবে ভারতের ভিউয়ারদের জন্য ব্লক করে দেওয়া হয়েছে। ‘৩৬ জুলাই: রাষ্ট্র বনাম নাগরিক’ শিরোনামের এই প্রামাণ্যচিত্রটি গত আগস্টে একটি টিভি চ্যানেলে সম্প্রচারিত হয় এবং পরে ইউটিউবে প্রকাশ করা হয়।
প্রামাণ্যচিত্রটির পরিচালক, ভারতীয় চলচ্চিত্র নির্মাতা সৌমিত্র দস্তিদার টাইমস অব ইন্ডিয়াকে বলেন, “প্রথম দিকে ইউটিউবে আপলোডের পর একটি গানের কপিরাইট নিয়ে সমস্যা হয়েছিল, যা সেপ্টেম্বরে মীমাংসা হয়। এরপর বাংলাদেশ থেকে বন্ধুর পাঠানো লিংকে আমি ভিডিওটি দেখতে চাইলে জানতে পারি, এটি ভারতে ব্লক করে দেওয়া হয়েছে।”
এই প্রামাণ্যচিত্রে সাক্ষাৎকার দিয়েছেন বিশিষ্ট বুদ্ধিজীবী বদরুদ্দিন ওমর, সাংবাদিক তাসনিম খলিল, অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ, সাবেক প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের কন্যা শারমীন আহমেদ, মেঘমল্লার বসু এবং উমামা ফাতেমা।
পরিচালক দস্তিদার জানান, “এই প্রামাণ্যচিত্রে শুধু প্রত্যক্ষদর্শীদের অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। এতে এমন কিছু নেই যা ভারতের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে।”
তিনি আরও বলেন, “ভারতে যেখানে ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর মতো বিতর্কিত চলচ্চিত্রগুলো সরকারি নিরাপত্তার মধ্যে প্রদর্শিত হয়, সেখানে আমার একটি প্রামাণ্যচিত্রকে ব্লক করে দেওয়া সত্যিই বিস্ময়কর।”
সূত্র: টাইমস অব ইন্ডিয়া





