বাংলাদেশে এখনও দুর্নীতি বিরাজ করছে, তবে জুলাই অভ্যুত্থানের পর এর পরিমাণ কিছুটা কমেছে। দেশ সফরে থাকা আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই)-এর আন্তর্জাতিক পরিচালনা পর্ষদের চেয়ারপারসন ফ্রাঁসোয়া ভ্যালেরিয়াঁ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এমন তথ্য জানান।

তিনি ঢাকার ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে বলেন, “বিগত সরকারের আমলে পাচার হওয়া অর্থ ফেরত আনতে আমরা টিআইবির সঙ্গে কাজ করছি। তবে অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এখনও তদন্তাধীন।”

ভ্যালেরিয়াঁ মব ভায়োলেন্স ও গণতান্ত্রিক পরিবেশে প্রভাবকেও নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “দুর্নীতি গণতন্ত্রের ভিত্তিকে দুর্বল করে। গণমাধ্যম ও সুশীল সমাজের ওপর হামলা, হুমকি ও হয়রানি বাড়লে রাষ্ট্রে জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হয় না।”

টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, “৫ আগস্ট পরবর্তী সময়ে ব্যাংকিং খাতে কিছু সংস্কার হয়েছে, যার ফলে অর্থ পাচারে কিছু নিয়ন্ত্রণ এসেছে। তবে সম্পূর্ণভাবে অর্থ পাচার বন্ধ হয়নি।”