বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী বাংলাদেশে ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পাচ্ছেন। প্রজ্ঞাপন যেকোনো মুহূর্তে জারি হতে পারে।
সরকারি সূত্র সোমবার (২২ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন। সূত্রের মতে, নবনিযুক্ত প্রধান বিচারপতি আগামী ২৮ ডিসেম্বর বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে শপথগ্রহণ করবেন।
সংবিধান অনুযায়ী, ৬৭ বছর পূর্ণ হওয়ায় আগামী ২৭ ডিসেম্বর পদত্যাগ করছেন বর্তমান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ১৯৬১ সালের ১৮ মে জন্মগ্রহণ করেন। তার বাবা মরহুম এ এফ এম আবদুর রহমান চৌধুরীও সুপ্রিম কোর্টের বিচারক ছিলেন। জুবায়ের রহমান চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি অনার্স ও এলএলএম ডিগ্রি লাভ করেন এবং পরবর্তীতে যুক্তরাজ্যে আন্তর্জাতিক আইনের উপর একটি মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
তিনি ১৯৮৫ সালে জজ কোর্টে আইনজীবী হিসেবে যোগদান করেন এবং ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৩ সালের ২৭ আগস্ট হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। দুই বছর পর হাইকোর্টে স্থায়ী বিচারক হিসেবে দায়িত্ব পালন শুরু করেন।
২০২৪ সালের ১২ আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন এবং ১৩ আগস্ট শপথগ্রহণ করেন।





