বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বলেছেন, জীবিত, মুক্ত ও প্রধানমন্ত্রী থাকা সময়ের খালেদা জিয়ার তুলনায় ক্ষমতাহীন, বন্দী অবস্থার খালেদা জিয়া ছিলেন আরও বড় মাপের মানুষ। তিনি বলেন, ওই সময়েই খালেদা জিয়ার নেতৃত্ব ও ব্যক্তিত্ব আরও স্পষ্টভাবে ফুটে উঠেছে।

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে বরিশালের গৌরনদী সরকারি পাইলট স্কুল মাঠে বেগম খালেদা জিয়াকে স্মরণ করে আয়োজিত এক নাগরিক শোকসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জহির উদ্দিন স্বপন বলেন, যারা খালেদা জিয়াকে হিংসা ও বিদ্বেষের শিকার করেছিলেন, সময় তাদের সেই পরিণতি দেখিয়ে দিচ্ছে। তিনি দাবি করেন, প্রকৃতি নিজস্ব নিয়মেই বিদ্বেষীদের শাস্তি দেয় এবং যোগ্যদের সম্মানিত করে। তিনি খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের নানা দিক তুলে ধরে বলেন, আপোষহীনতা, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে দাঁড়ানো, কারাবরণ এবং পরাজিত প্রতিপক্ষকে ক্ষমা করার শিক্ষা কর্মীরা তাঁর কাছ থেকেই পেয়েছেন।

তিনি আরও বলেন, খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরাধিকারী হিসেবে তারেক রহমান নেতৃত্ব দিচ্ছেন। খালেদা জিয়ার আদর্শ ও রাজনৈতিক অবস্থান থেকে সরে গেলে সেটিকে বিশ্বাসঘাতকতা হিসেবে দেখা হবে বলেও মন্তব্য করেন তিনি।

নাগরিক শোকসভা ও দোয়া-মোনাজাতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ধর্মীয় ব্যক্তিত্ব, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

শোকসভার শুরুতে শোক বইয়ে স্বাক্ষর করে জহির উদ্দিন স্বপন জানান, আগামী এক মাস গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার সাধারণ মানুষের জন্য শোক বই উন্মুক্ত থাকবে এবং প্রতিনিধিদের মাধ্যমে তা মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে।