ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জীবনের প্রথমবারের মতো ভোট দিয়েছেন আলোচিত সদস্য পদপ্রার্থী উম্মা উসওয়াতুন রাফিয়া।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ভোটাধিকার প্রয়োগের পর ঢাকা মেইলকে দেওয়া এক প্রতিক্রিয়ায় রাফিয়া জানান,
“এটি আমার জীবনের প্রথম ভোট। অনেক শিক্ষার্থীর জন্যই আজকের নির্বাচন জীবনের প্রথম ভোটদানের অভিজ্ঞতা। আজ ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এমন পরিবেশে প্রথমবারের মতো ভোট দিতে পেরে সত্যিই ভালো লাগছে।”
রাফিয়া জানান,
“একটু কষ্ট হচ্ছে, কারণ পুরোপুরি হেঁটে চলাফেরা করতে হচ্ছে। ক্যাম্পাসে যেখানে যাচ্ছি, পায়ে হেঁটেই যেতে হচ্ছে। তবে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এ ধরনের ব্যবস্থা গ্রহণ মেনে নেওয়া যায়।”
ভোটগ্রহণ নিয়ে নিজের সন্তুষ্টির কথা জানিয়ে তিনি বলেন,
“অনলাইনে নানা গুজব ছড়ালেও আজকে এখন পর্যন্ত বড় কোনো ঝামেলা ছাড়াই ভোট চলছে। এটি নিঃসন্দেহে ইতিবাচক। ডাকসু নির্বাচন নিয়মিত হওয়া উচিত, কিন্তু দীর্ঘ সময় পর এটি অনুষ্ঠিত হচ্ছে। তাই শিক্ষার্থীদের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ দিন।”





