অস্বাভাবিক মূল্যবৃদ্ধির মধ্যেই এবার তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের সরবরাহ ও বিক্রি বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল থেকে সারা দেশে সিলিন্ডার বিক্রি ও সরবরাহ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ভোক্তারা।
খুচরা বাজারে কোনো দোকানেই এলপিজি সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। হোটেল-রেস্তোরাঁগুলো বিকল্প ব্যবস্থায় রান্না চালু রাখলেও অনেক বাসাবাড়িতে চুলা জ্বলছে না। এতে কার্যত ভোক্তারা একপ্রকার জিম্মি অবস্থায় পড়েছেন।
সকালে রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, যেসব দোকান থেকে সাধারণত ভোক্তারা সিলিন্ডার কিনতেন, সেখানে কোনো গ্যাস নেই। দোকানিরা জানান, ডিস্ট্রিবিউটররা সিলিন্ডার সরবরাহ বন্ধ করে দেওয়ায় তারা বিক্রি করতে পারছেন না এবং ক্রেতাদের খালি হাতে ফিরে যেতে হচ্ছে। ফলে সাধারণ মানুষকে পড়তে হচ্ছে চরম দুর্ভোগে।
এদিকে আজ বিকেল ৩টায় এনার্জি রেগুলেটরি কমিশনের সঙ্গে এলপিজি ব্যবসায়ী সমিতির নেতাদের বৈঠক হওয়ার কথা রয়েছে।
এর আগে বুধবার (৭ জানুয়ারি) কমিশন বৃদ্ধি ও জরিমানা প্রত্যাহারসহ ছয় দফা দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয় ব্যবসায়ী সংগঠনটি। এ সংক্রান্ত একটি নোটিশের মাধ্যমে সারা দেশের পরিবেশক ও খুচরা বিক্রেতাদের সব কোম্পানির প্লান্ট থেকে এলপিজি উত্তোলন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
উল্লেখ্য, গত কয়েক দিন ধরেই সরকার নির্ধারিত ১ হাজার ৩০৭ টাকার চেয়ে কয়েকশ টাকা বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি হচ্ছিল।





