ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী জিডি করতে গিয়ে পুলিশের মারধরের শিকার হয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে শাহবাগ থানার গেটের সামনে এ ঘটনা ঘটেছে।


\r\n

ভুক্তভোগী শিক্ষার্থীর নাম সাব্বির আহমেদ। তিনি ঢাবির পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের ২০২২–২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক ছাত্র। সাব্বির জানিয়েছেন, তিনি শিগগিরই লিখিত অভিযোগ দেবেন।


\r\n

সাব্বিরের দাবি, বিভাগের এক ছাত্রীকে সঙ্গে নিয়ে তিনি শাহবাগ থানায় জিডি করতে যান। দায়িত্বরত কর্মকর্তা প্রথমে কিছু সময় অপেক্ষা করতে বলেন। প্রায় ৩০ মিনিট পর সার্ভারের সমস্যার কারণে জিডি গ্রহণে দেরি হবে জানানো হয়। পরে বন্ধুকে খুঁজতে থানার বাইরে গেলে একজন পুলিশ সদস্য তার কাছে আসেন এবং কেন এসেছেন জানতে চান। জিডি করতে এসেছেন বললে তাকে থানার ভেতরে যেতে বলা হয়।


\r\n

ভেতরে প্রবেশের সময় হঠাৎ কয়েকজন পুলিশ সদস্য কোনো ব্যাখ্যা ছাড়াই লাঠি দিয়ে তাকে মারধর শুরু করেন বলে অভিযোগ করেন সাব্বির। এতে তার হাত ও পিঠে গুরুতর আঘাত লাগে। বিশেষ করে ডান হাতের কব্জিতে আঘাত বেশি হওয়ায় তাকে তাৎক্ষণিক এক্স-রে করাতে হয়েছে।


\r\n

মারধরের সময় তার পকেটে থাকা আইফোনও লাঠির আঘাতে ভেঙে যায়। সাব্বির জানান, ফোনটি তিনি ঋণ নিয়ে কিনেছিলেন এবং এখনও পুরো টাকা পরিশোধ হয়নি, ফলে তিনি আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছেন।


\r\n

মারধরের পর তিনি দৌড়ে শাহবাগের একটি ফুলের দোকানে আশ্রয় নেন। প্রায় এক ঘণ্টা সেখানে অবস্থানের পর ঢাবির প্রক্টরিয়াল টিম তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে হলে পৌঁছে দেয়।


\r\n

ঢাবির প্রক্টর অধ্যাপক ড. সাইফুদ্দিন আহমদ বলেন, “হল সংসদের সহায়তায় শিক্ষার্থীকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

\r\n

শাহবাগ থানার পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।