রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার (১৯ জুলাই) সকাল ৯টা ৪০ মিনিটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশের প্রথম পর্ব শুরু হয়েছে। সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে শুরু হওয়া এ সমাবেশে দেশের বিভিন্ন জেলা থেকে আগত নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।

সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত এ সমাবেশে সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পূর্ণ হয়ে যায়। উপস্থিত জনতার ঢল সামলাতে এবং সমাবেশ সফল করতে মাঠে দায়িত্ব পালন করছে প্রায় ২০ হাজার স্বেচ্ছাসেবক। সমাবেশ স্থলের আশেপাশের কয়েক কিলোমিটার এলাকাজুড়ে নির্দিষ্ট পয়েন্টে অবস্থান নিয়ে তারা আগতদের সহায়তা করছেন। সবার পরনে রয়েছে একই ধরনের পোশাক। কে কোন গেট দিয়ে প্রবেশ করবেন, কোন জেলার মানুষ কোন স্থানে অবস্থান নেবেন—এসব বিষয়েও দিকনির্দেশনা দিচ্ছেন তারা।

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, জাতীয় সমাবেশ থেকে সাত দফা দাবি পেশ করা হচ্ছে। দাবিগুলোর মধ্যে রয়েছে:

অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি, সব গণহত্যার বিচার, রাষ্ট্রীয় কাঠামোয় মৌলিক সংস্কার
 ,জুলাই সনদ' ও ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবার পুনর্বাসন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন, এক কোটিরও বেশি প্রবাসী ভোটারের ভোটাধিকার নিশ্চিতকরণ

দলের পক্ষ থেকে বলা হয়েছে, এসব দাবি পূরণে গণআন্দোলন জোরদার করা হবে এবং সারা দেশে জনগণের মাঝে সচেতনতা বাড়ানো হবে।