বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশকে ঘিরে শনিবার (১৯ জুলাই) দুপুর গড়াতেই রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। সমাবেশস্থল ছাড়িয়ে আশপাশের সড়ক ও এলাকাতেও ছড়িয়ে পড়েছেন তারা।

বিকেলে শুরু হতে যাওয়া এই সমাবেশে যোগ দিতে দেশের বিভিন্ন জেলা থেকে আগত নেতা-কর্মীরা সকাল থেকেই ভিড় জমাতে শুরু করেন। রাজধানীর রমনা পার্কেও দেখা গেছে অনেক নেতাকর্মীকে। কেউ গাছের ছায়ায় বসে আড্ডা দিচ্ছেন, কেউবা প্রচণ্ড ভ্যাপসা গরমে ক্লান্ত হয়ে বিশ্রাম নিচ্ছেন।

বগুড়া থেকে আগত ষাটোর্ধ্ব জামায়াত কর্মী কামাল হোসেন বলেন, “ভোর ৫টায় ঢাকায় এসেছি। সকাল থেকেই সোহরাওয়ার্দীতে ছিলাম। গরমে শরীর দুর্বল হয়ে গেছে, একটু খেয়ে বিশ্রাম নিয়ে আবার ফিরে যাবো সমাবেশস্থলে।”

রমনা পার্কে অবস্থান করা বেশ কয়েকজন কর্মী জানিয়েছেন, ভ্যাপসা গরম ও প্রচণ্ড ভিড়ের কারণে তারা আপাতত পার্কে অবস্থান করছেন। দুপুরের পর পরিস্থিতি স্বাভাবিক হলে তারা আবার সমাবেশস্থলে যোগ দেবেন বলে জানান।

দলটির নেতারা জানিয়েছেন, বিকেলে আনুষ্ঠানিকভাবে শুরু হবে জাতীয় সমাবেশের মূল পর্ব। এতে উপস্থাপন করা হবে সাত দফা দাবি, যার মধ্যে রয়েছে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত, প্রবাসী ভোটারদের ভোটাধিকার, এবং জুলাই সনদ বাস্তবায়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়।