জামালপুরের মাদারগঞ্জে পদত্যাগ করা গণ অধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুর শহরের সিংহজানী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জামায়াতের এক জনসভায় তারা আনুষ্ঠানিকভাবে দলে যোগদান করেন।
মাদারগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা নুরুল আমিন তাদের হাতে ফুল দিয়ে জামায়াতে ইসলামীতে স্বাগত জানান।
এর আগে শনিবার (৩১ জানুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলীয় শৃঙ্খলা, নীতি ও আদর্শ থেকে সরে আসার অভিযোগ তুলে গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগের ঘোষণা দেন তারা।
জামায়াতে যোগদানকারীদের মধ্যে রয়েছেন—জামালপুর জেলা গণ অধিকার পরিষদের সাবেক সহসভাপতি আল আমিন মন্ডল, মেলান্দহ উপজেলা শাখার সদস্য সচিব শাহীন আলম, যুব অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল মন্ডল, মাদারগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি জাকিরুল ইসলাম জাকির এবং মাদারগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম হিরা।
এছাড়া জেলা, উপজেলা ও সহযোগী সংগঠনের পাশাপাশি প্রবাসী অধিকার পরিষদের বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও পদত্যাগ করে জামায়াতে যোগ দেন।
পদত্যাগকারী নেতারা জানান, দীর্ঘদিন ধরে সংগঠনের ভেতরে শৃঙ্খলা, নীতিগত অবস্থান ও আদর্শিক রাজনীতির ঘাটতি লক্ষ্য করায় তারা দল ছাড়ার সিদ্ধান্ত নেন।
এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা নুরুল আমিন বলেন, গণ অধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী জামায়াতে যোগদান করেছেন এবং তাদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়েছে।





