সাংবাদিক ও কলামিস্ট আনিস আলমগীর বলেছেন, জামায়াতে ইসলামী মানুষের সঙ্গে এমন চালাকি করছে, যেন তারা কিছুই বুঝতে পারছে না। সম্প্রতি দলের আমির শফিকুর রহমানের ক্ষমা চাওয়ার প্রসঙ্গে মাসুদ কামালের অন্যমঞ্চে তিনি এ মন্তব্য করেন।

আনিস আলমগীর বলেন, “৭১ সালের ঘটনা উল্লেখ না করে উনি নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছেন। উনার দৃষ্টিভঙ্গি অনুযায়ী ক্ষমা চাওয়াকে আমি স্বাগত জানাই। কিন্তু এখানে চালাকি না করলে ভালো হতো। জামায়াতে ইসলামী এমন চালাকি করছে মনে হচ্ছে মানুষ কিছু বোঝে না।”

তিনি বলেন, “প্রথমত, উনি ৭১ সালের ঘটনাকে এখানে উল্লেখই করেননি। আমার সমস্যা ৪৭ সালের সঙ্গে নয়, আমার সমস্যা ৭১ সালের সঙ্গে। ৭১ সালে জামায়াতে ইসলামী স্বাধীনতা চায়নি। তারা নৃশংসতা চালিয়েছে, আলবদর-আলশামস ও রাজাকার বাহিনী গঠন করে পাকিস্তানি বাহিনীর সহায়তা করেছে, বুদ্ধিজীবীদের হত্যা করেছে, ধর্মকে অপব্যবহার করেছে এবং মুসলমানদের বিরুদ্ধে মুসলমানের যুদ্ধে নিষেধাজ্ঞার ভান করেছে। এই অভিযোগগুলোর ক্ষমা প্রার্থনা এভাবে হলে মনে হয় তারা শুধু বলছে—‘আমাদের মাফ করে দিন’।“

আনিস আলমগীর আরও বলেন, “তারা চারবার ক্ষমা চেয়েছেন—গোলাম আজম, নিজামী সাহেব এবং শফিকুর রহমান নিজে। তবুও মানুষ এটা গ্রহণ করছে না। কারণ জামায়াতে ইসলামী একটি কঠোর দলীয় শৃঙ্খলা মানে দল। কোনো সিদ্ধান্ত প্রকাশ করতে হলে তা দলের অন্য নেতার মুখ বা দলের সম্মিলিত সিদ্ধান্তের মাধ্যমে হতে হবে। এখন তারা এ ধরনের দলীয় সিদ্ধান্ত নিচ্ছে না, শুধু চালাকি করছেন।”