কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দভাগ গ্রামের ৬ নম্বর ওয়ার্ডে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন জামায়াতে দাঁড়িপাল্লার পক্ষে অটোরিকশা চালানোর অভিযোগে ইব্রাহিম নামে এক অটোরিকশা চালকের ওপর হামলার ঘটনা ঘটেছে। 

অভিযোগ উঠেছে, স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাকে মারধর করে গুরুতর আহত করে।
আহত ইব্রাহিমকে তাৎক্ষণিকভাবে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ঘটনার পর আহতকে দেখতে গতকাল (১৪ ফেব্রুয়ারি) শনিবার রাত ৯টার দিকে হাসপাতালে ছুটে যান জামায়াতের প্রার্থী আতাউর রহমান সরকার। এ সময় তিনি এক প্রেস ব্রিফিংয়ে অভিযোগ করে বলেন, নির্বাচনের দিন থেকে বিভিন্ন স্থানে তাদের নেতাকর্মীদের ওপর বিএনপির নেতাকর্মীরা ধারাবাহিকভাবে হামলা চালাচ্ছে। অনেক জায়গায় মারধর, হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটছে।

তিনি আরও বলেন, এসব হুমকির কারণে অনেক নেতাকর্মী নিজ নিজ বাড়িতে ফিরতে পারছেন না, কেউ কেউ কর্মস্থলেও যেতে পারছেন না। নিরাপত্তাহীনতায় ভুগে অনেকে এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছেন।

প্রশাসনের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, এসব ঘটনার বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না। তিনি প্রশাসনের প্রতি বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

এ সময় তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, পরিস্থিতির উন্নতি না হলে তারা রাজপথে নামতে বাধ্য হবেন।