ভোলার চরফ্যাশন উপজেলায় জামায়াতে ইসলামীর ৪৫ নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। এই যোগদানের নেতৃত্ব দেন জামায়াতের চরফ্যাশন উপজেলা আহম্মদপুর ইউনিয়ন শাখার সাবেক আমির ও দুলারহাট থানা শাখার বায়তুলমাল সম্পাদক মাওলানা ওমর ফারুক।তবে ভোলা জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মাওলানা হারুন অর রশিদ বলেন, ‘মাওলানা ওমর ফারুককে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে এক বছর আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দীন আলমের চরফ্যাশনের বাসভবনে অনুষ্ঠিত অনুষ্ঠানে নতুন যোগদাতাদের ফুলের মালা পরিয়ে বিএনপিতে অন্তর্ভুক্ত করা হয়। অনুষ্ঠানে নাজিম উদ্দীন আলম নবাগত নেতাদের অভিনন্দন জানিয়ে বলেন, “আপনারা বিএনপির কার্যক্রমে আস্থা রেখে এবং গণতন্ত্রের পক্ষে থাকার প্রত্যয়ে দলটি বেছে নিয়েছেন। এটি আমাদের শক্তি বাড়াবে এবং আগামী নির্বাচনে বিজয়ের পথ সুগম করবে।”
যোগদানকালে মাওলানা ওমর ফারুক সাংবাদিকদের বলেন, “চরফ্যাশন দুলারহাট থানা এলাকায় জামায়াতের কর্মকাণ্ডে আমরা সন্তুষ্ট ছিলাম না। বিএনপির কার্যক্রম আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হওয়ায় আমিসহ ৪৫ জন নেতাকর্মী সাবেক এমপি নাজিম উদ্দীন আলমের নেতৃত্বে দলটিতে যোগদান করেছি। দেশের গণতন্ত্র রক্ষা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আমরা সবসময় বিএনপির পাশে থাকব।”
যোগদান অনুষ্ঠানে চরফ্যাশন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আ.ন.ম আমিরুল ইসলাম মিন্টিজ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজি, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলালসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
তবে ভোলা জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মাওলানা হারুন অর রশিদ বলেন, ‘মাওলানা ওমর ফারুককে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে এক বছর আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছে। এক বছর পর সে যে কোনো দলে যোগাদান করতে পারে, এটা তার ব্যক্তিগত বিষয়। আর বাকী যারা তার সঙ্গে যোগাদন করেছেন তারা জামায়াতে ইসলামীর কোনো পদে ছিলেন না এবং কখনো জামায়াতে ইসলামীর রাজনীতিও করেনি।





