মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগরে ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়ার ঘটনায় বিএনপি ও জামায়াতে ইসলামী সমর্থকদের মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ জামায়াতের দুই কর্মীকে আটক করেছে।


ঘটনা ঘটে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জয়পুর গ্রামে। আহতরা হলেন বিএনপি সমর্থক আশাদুল এবং জামায়াতের চার সমর্থক বাইজিদ, আবু ওবাইদা, মাহাফিজুর রহমান রিটন ও আইনাল গাজী। আটক জামায়াত কর্মী দুইজন হলেন হরেন-শহিদুল ও আশরাফ হোসেন।


মুজিবনগর থানার ওসি জাহিদুল ইসলাম জানান, ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়ার অভিযোগে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, “এখন পরিস্থিতি শান্ত, ভোটাধিকার প্রয়োগ নির্বিঘ্নে চলছে।”