বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের হৃদযন্ত্রে তিনটি মেজর ব্লক ধরা পড়েছে। এনজিওগ্রামের ফলাফল অনুযায়ী, তার বাইপাস সার্জারির সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী মোহাম্মদ নজরুল ইসলাম।
তিনি জানান, সম্প্রতি সোহরাওয়ার্দী উদ্যানে দলীয় জাতীয় সমাবেশে বক্তৃতাকালে হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান জামায়াত আমীর। এরপর থেকেই তার নানা পরীক্ষা-নিরীক্ষা চলছে। বুধবার কার্ডিওলজিস্ট ডা. মমিনুজ্জামানের তত্ত্বাবধানে করা এনজিওগ্রামে তার হার্টে তিনটি গুরুত্বপূর্ণ ব্লক ধরা পড়ে।
চিকিৎসকদের মতে, ব্লকগুলো এতটাই জটিল যে এনজিওপ্লাস্টির পরিবর্তে বাইপাস সার্জারি করাই বেশি নিরাপদ। শুরুতে তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর চিন্তাভাবনা থাকলেও ডা. শফিকুর রহমান সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তিনি দেশেই চিকিৎসা নিতে আগ্রহী বলে জানান এবং দেশের চিকিৎসকদের ওপর তার পূর্ণ আস্থা রয়েছে।
দলীয়ভাবে সার্জারির প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মোহাম্মদ নজরুল ইসলাম। একইসঙ্গে, ডা. শফিকুর রহমান ও তার পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।





