বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন বাংলাদেশ সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ শনিবার (২৩ আগস্ট) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রবিবার (২৪ আগস্ট) দুপুর আড়াইটায় রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের বাসভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকায় অবস্থিত পাকিস্তান হাইকমিশনে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াতের একটি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জামায়াতের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।
প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।
বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারসহ হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আলোচনায় দুই দেশের পারস্পরিক সম্পর্ক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যতে দ্বিপক্ষীয় উন্নয়ন ও অগ্রগতিতে সহযোগিতার বিষয় উঠে আসে। উভয় পক্ষই ভবিষ্যতে সম্পর্ক আরও দৃঢ় করার আশা প্রকাশ করে।





