ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মর্যাদাপূর্ণ ফলাফল অর্জনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) একটি বার্তায় প্রধান উপদেষ্টা ডা. শফিকুর রহমানকে বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনার নেতৃত্বে দলীয় প্রার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন, দৃঢ় প্রতিদ্বন্দ্বিতা দেখিয়েছেন এবং নির্বাচনের ফলাফল শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণভাবে গ্রহণ করেছেন। এজন্য আমি আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।”
তিনি আরও উল্লেখ করেন, নির্বাচনী প্রচার থেকে শুরু করে ফল ঘোষণার পর পর্যন্ত আপনার রাজনৈতিক শিষ্টাচার, সংযম ও কর্মীদের শান্তিপূর্ণ আচরণের আহ্বান দেশের স্থিতিশীলতায় বিশেষ ভূমিকা রেখেছে। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালনকালে আপনার দল যে গঠনমূলক সমর্থন, পরামর্শ ও সহযোগিতা দিয়েছে, তার জন্যও ধন্যবাদ জানানো হলো।
প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, “বাংলাদেশ এখন একটি গুরুত্বপূর্ণ সময়ে আছে। বৈশ্বিক অর্থনীতি, প্রযুক্তিগত পরিবর্তন, জলবায়ু, মানবসম্পদ উন্নয়ন এবং সামাজিক ন্যায়বিচারের চ্যালেঞ্জ মোকাবেলায় গণতন্ত্রকে শক্তিশালী, অংশগ্রহণমূলক ও প্রাতিষ্ঠানিকভাবে সুসংহত করতে সরকার ও বিরোধী দল—উভয়েরই দায়িত্ব অপরিহার্য।”
তিনি আশা প্রকাশ করেন, ডা. শফিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামী জাতীয় সংসদ ও রাজনৈতিক অঙ্গনে একটি গঠনমূলক ও দায়িত্বশীল বিরোধী শক্তি হিসেবে সক্রিয় ভূমিকা রাখবে। নীতিগত বিতর্ক, আইন প্রণয়ন, জনগণের প্রত্যাশা তুলে ধরা এবং রাষ্ট্রের জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে দলের অবদান সুস্থ ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলবে।
প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, জাতীয় ঐক্য সুসংহত করতে ডা. শফিকুর রহমান যে ভূমিকা রেখেছেন, তা ভবিষ্যতেও অব্যাহত রাখবেন বলে তার বিশ্বাস, কারণ জাতীয় ঐক্যই দেশের শক্তি।
শেষে তিনি মহান আল্লাহর কাছে ডা. শফিকুর রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করেন।





