জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এ প্রাতিষ্ঠানিক সুবিধার আওতায় পোষ্য কোটা পুনর্বহালের অভিযোগ ঘিরে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। কোটা বাতিলের দাবিতে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে রেজিস্ট্রার ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অভিযোগ, প্রশাসন নতুন কাঠামোর মাধ্যমে পুরোনো কোটা ব্যবস্থা ফের চালুর উদ্যোগ নিয়েছে, যা তারা বৈষম্যমূলক বলে মনে করছেন। সাম্প্রতিক আন্দোলনের পর কোটা বাতিলের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, সেটি উপেক্ষা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি তাদের।
কর্মসূচিতে বক্তারা বলেন, বুধবার সকাল ১১টার মধ্যে সিদ্ধান্ত স্থগিত না করা হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। ন্যায্য দাবির প্রশ্নে আপস না করার কথাও জানান তারা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)-এর কয়েকজন প্রতিনিধি অভিযোগ করেন, বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি। তাদের মতে, কেন্দ্রীয় ও হল সংসদ সক্রিয় থাকা সত্ত্বেও এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে অংশীজনদের মতামত নেওয়া উচিত ছিল।
জাকসুর শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক আবু ওবায়দা ওসামা জানান, আগামী ১ থেকে ৯ মার্চ পর্যন্ত প্রাতিষ্ঠানিক সুবিধার আওতায় ভর্তির আবেদন গ্রহণের সময় নির্ধারিত রয়েছে। এ বিষয়ে শিক্ষার্থীদের একটি অংশ গণভোটের দাবিও তুলেছে, যাতে বৃহত্তর মতামতের প্রতিফলন ঘটে। তবে সেই দাবিও বাস্তবায়ন হয়নি বলে তারা অভিযোগ করেন।





