জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) লোক প্রশাসন বিভাগের ৫১তম আবর্তনের শিক্ষার্থী শারমিন জাহান বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসলামনগর এলাকায় তার ভাড়া বাসায় দুষ্কৃতিকারীর হাতে খুন হওয়ায় বিশ্ববিদ্যালয় পরিবার গভীর শোক প্রকাশ করেছে। এ ঘটনায় দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি জানিয়েছেন জাবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।
রবিবার (১৫ মার্চ) ভারপ্রাপ্ত পরিচালক মোহিউদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উপাচার্য বলেন, “শারমিন জাহানের খুন অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক। বিশ্ববিদ্যালয় পরিবার এ ঘটনায় গভীরভাবে শোকাহত। দ্রুত তদন্তের মাধ্যমে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আমাদের আহ্বান।” তিনি শারমিন জাহানের বিদেহ আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, পুলিশ প্রাথমিকভাবে শারমিন জাহানের খুনের বিষয়টি যাচাই করছে। এ ঘটনায় শারমিন জাহানের স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার চাচা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। পুলিশ তদন্তে সহযোগিতা করছে।
এ ছাড়া জাবি কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) এবং বিভিন্ন ছাত্র সংগঠন—বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও জাতীয় ছাত্রশক্তি—ও বিজ্ঞপ্তির মাধ্যমে খুনের তীব্র নিন্দা, গভীর শোক ও দ্রুত বিচার দাবি করেছে।
\r\n\r\n\r\n





