জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপিকা জান্নাতুল ফেরদৌস মৌমিতার আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম।
\r\nশুক্রবার (১২ সেপ্টেম্বর) তারা নিজ নিজ ভেরিফায়েড ফেসবুক পেজে আলাদা স্ট্যাটাসে শোকবার্তা প্রকাশ করেন।
\r\nজামায়াত আমির বলেন, “আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলামীন তাকে ক্ষমা করুন এবং জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। তার পরিবার, সহকর্মী, প্রিয়জন ও আপনজনকে ধৈর্য ধরার তাওফিক দিন।”
\r\nশিবির সভাপতি বলেন, “মহান আল্লাহ উনাকে ক্ষমা করুন, জান্নাত নসিব করুন। পরিবার-পরিজন, সহকর্মী ও শিক্ষার্থীদের ধৈর্য ধারণের তাওফিক দান করুন।”
\r\nউল্লেখ্য, জাকসু নির্বাচনে প্রীতিলতা হলের পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন জান্নাতুল ফেরদৌস মৌমিতা। শুক্রবার সকালে ভোট গণনা কার্যক্রমে অংশ নিতে এসে তিনি দরজার সামনে লুটিয়ে পড়েন। পরে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
\r\nপ্রসঙ্গত, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদের ভোটগ্রহণ শুরু হয়। ভোট শেষ হওয়ার পাঁচ ঘণ্টা পর গণনা শুরু হয়। ব্যালট গণনা এলইডি স্ক্রিনে প্রদর্শন করা হচ্ছে।
\r\nএবারের নির্বাচনে ১১ হাজার ৭৫৯ জন ভোটার তালিকাভুক্ত আছেন। কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৭ জন প্রার্থী। এর মধ্যে ভিপি পদে ৯ জন, জিএস পদে ৮ জন এবং এজিএস পদে নারী ৬ জন ও পুরুষ ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।





