জাপানের দক্ষিণাঞ্চলের উপকূলীয় শহর ওইতা সিটির সাগানোসেকি জেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭০টিরও বেশি ভবন পুড়ে গেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) স্থানীয় সময় বিকাল ৫টা ৪০ মিনিটে (০৮৪০ জিএমটি) আগুন ছড়িয়ে পড়ার পর রাতভর দাউদাউ করে জ্বলে, বুধবারও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি, জানিয়েছে জাপানের ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি।


অগ্নিকাণ্ডের কারণে সাগানোসেকি জেলার প্রায় ১৭৫ জন বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। এখনো একজন নিখোঁজ রয়েছে, আর আগুনের কারণ অনুসন্ধান করতে কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।


স্থানীয় টেলিভিশনের আকাশপথে তোলা ভিডিওতে দেখা গেছে, শহরের বহু বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং চারদিকে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে আকাশ অন্ধকার হয়ে গেছে। মাছ ধরার জন্য পরিচিত এবং সাকি-ব্র্যান্ড ম্যাকেরেলের জন্য প্রসিদ্ধ এই বন্দরঘেঁষা পাহাড়ি শহর জুড়ে আগুনের ধ্বংসাবশেষ ছড়িয়ে আছে।


স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, আগুন নিকটবর্তী বনাঞ্চলেও ছড়িয়ে পড়েছে, যা নিয়ন্ত্রণে আরও জটিলতা তৈরি করেছে।


\r\n\r\n\r\n\r\n

ওইটা প্রিফেকচারের গভর্নরের অনুরোধে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জানিয়েছেন, সামরিক বাহিনীর ফায়ারফাইটিং হেলিকপ্টার ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বর্তমানে ফায়ার সার্ভিস, স্থানীয় কর্তৃপক্ষ ও সামরিক বাহিনী যৌথভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।