বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, কে রাজনীতি করবে আর কে করবে না—এটি আইন ও সংবিধানের বিষয়। কোনো রাজনৈতিক দলের এই সিদ্ধান্তে হস্তক্ষেপ করার এখতিয়ার নেই। একইসাথে তিনি দাবি করেন, বিএনপি কখনোই মব সংস্কৃতি বা উশৃঙ্খল রাজনীতিতে বিশ্বাস করে না।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এক ভার্চুয়াল আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, “বিএনপির রাজনৈতিক বিশ্লেষণ রয়েছে। গত ১৬ বছরে জাতীয় পার্টির ভূমিকা কী ছিল, সেটি সবাই দেখেছে। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী ফ্যাসিবাদকে টিকিয়ে রাখতে জাতীয় পার্টি বরাবরই সহায়ক ভূমিকা পালন করেছে।”

তিনি অভিযোগ করে বলেন, “জনগণের হাজার হাজার কোটি টাকা লুটপাট ও পাচারের সুযোগ করে দিয়েছে যারা, দেশে স্বেচ্ছাচারিতা প্রতিষ্ঠার সিল দিয়েছে যারা—তারা হলো জাতীয় পার্টি।\"

রিজভীর ভাষ্য অনুযায়ী, জাতীয় পার্টি ক্ষমতাসীনদের কর্মকাণ্ডে বারবার সহযোগিতা করে তাদের দমননীতি ও একনায়কতন্ত্রকে টিকিয়ে রাখার ভূমিকা পালন করেছে।

তিনি বলেন, “আমরা এসব বিষয়ে জনসমক্ষে সত্য বলছি। কারণ, ইতিহাসের দায় মেটাতে হবে।”

উল্লেখ্য, চলমান রাজনীতিতে জাতীয় পার্টির অবস্থান ও ভূমিকা নিয়ে সম্প্রতি নানা আলোচনা-সমালোচনা চলছে।