বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, জাতীয় নির্বাচনকে উপেক্ষা করে কেবল স্থানীয় নির্বাচন আয়োজন করলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে।

রোববার (৬ জুলাই) বিকেলে দিনাজপুরের হাকিমপুর উপজেলায় আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “জুলাই আন্দোলনে শহীদ আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিমরা জীবন দিয়েছেন শুধু একটি ইউনিয়ন পরিষদ বা পৌরসভা নির্বাচনের জন্য নয়, বরং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। মানুষের ভোটাধিকার ফেরানোর জন্য।”

সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, “বিএনপি শুরু থেকেই সংস্কারের মধ্য দিয়েই রাজনীতি করে আসছে। যারা এখন সংস্কারের কথা বলছেন, তারা আসলে দেরিতে এসেছেন। বিএনপিকে সংস্কার শেখানোর কিছু নেই।”

বিভক্তির বিষয়ে হুঁশিয়ারি দিয়ে জাহিদ হোসেন বলেন, “৫ আগস্ট দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল বলেই বৃহত্তর আন্দোলনের সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু ঐক্য না থাকলে স্বৈরাচারীরা সুযোগ নিয়ে আবারও জাতির ঘাড়ে চেপে বসবে। তাই বিভক্তি নয়, ঐক্যই এখন সবচেয়ে জরুরি।”

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা আকরাম হোসেন মণ্ডল, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সাধারণ সম্পাদক রেজা আহমেদ বিপুল, পৌর বিএনপির সভাপতি ফরিদ খান এবং সাধারণ সম্পাদক নাজমুল হোসেনসহ স্থানীয় নেতারা।