ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএর পূর্ব জেরুজালেম সদর দপ্তর গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল। এ ঘটনায় যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডাসহ ১১ দেশ তীব্র নিন্দা জানিয়েছে। দেশগুলোর মতে, এই পদক্ষেপ ইউএনআরডব্লিউএর কার্যক্রম দুর্বল করার লক্ষ্যে ইসরায়েলের আরেকটি অগ্রহণযোগ্য উদ্যোগ।


বুধবার (২৮ জানুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


এক যৌথ বিবৃতিতে বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, জাপান, নরওয়ে, পর্তুগাল, স্পেন ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা এ ঘটনাকে ‘অভূতপূর্ব হামলা’ বলে উল্লেখ করেন। বিবৃতিতে তারা জাতিসংঘের সদস্যরাষ্ট্র হিসেবে ইসরায়েল সরকারকে সব ধরনের ধ্বংসাত্মক কার্যক্রম বন্ধের আহ্বান জানান।


গাজায় চলমান যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েল ইউএনআরডব্লিউএর ওপর চাপ আরও বাড়িয়েছে। সংস্থাটির বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই হামাসের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছে ইসরায়েল। জাতিসংঘ এসব অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে।


এই অভিযোগকে কেন্দ্র করে ইসরায়েল ও তার কয়েকটি মিত্র, বিশেষ করে যুক্তরাষ্ট্র, গাজায় ইউএনআরডব্লিউএর কার্যক্রম সীমিত করার চেষ্টা করছে। তবে মানবিক সহায়তা সংস্থাগুলোর মতে, যুদ্ধবিধ্বস্ত গাজায় খাদ্য, পানি, ওষুধ ও জরুরি ত্রাণ বিতরণে ইউএনআরডব্লিউএ সবচেয়ে কার্যকর ও সক্ষম সংস্থা।


২০২৪ সালের শেষ দিকে ইসরায়েলের পার্লামেন্ট একটি আইন পাস করে, যার মাধ্যমে ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকায় ইউএনআরডব্লিউএর কার্যক্রম নিষিদ্ধ করা হয়। পরে ২০২৫ সালের ডিসেম্বরে সেই নিষেধাজ্ঞা আরও কঠোর করা হলে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এর তীব্র নিন্দা জানান। গত সপ্তাহে ইউএনআরডব্লিউএ জানায়, ইসরায়েলি আইনপ্রণেতাদের উপস্থিতিতে ইসরায়েলি বাহিনী পূর্ব জেরুজালেমে সংস্থাটির সদর দপ্তরে অভিযান চালিয়ে ভবন ভাঙচুর শুরু করে।


ইউএনআরডব্লিউএর প্রধান ফিলিপ লাজারিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, এটি একটি জাতিসংঘ সংস্থা ও তার স্থাপনার বিরুদ্ধে নজিরবিহীন হামলা। আন্তর্জাতিক নিয়মভিত্তিক ব্যবস্থায় বিশ্বাসী দেশ হিসেবে ইসরায়েলের জাতিসংঘের স্থাপনার অখণ্ডতা রক্ষা ও সম্মান করার বাধ্যবাধকতা রয়েছে।


তিনি আরও বলেন, ইসরায়েলের এই পদক্ষেপ আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ২০২৫ সালের অক্টোবরে দেওয়া রায়ের সরাসরি লঙ্ঘন। ওই রায়ে ইসরায়েলকে ইউএনআরডব্লিউএর ওপর আরোপিত সব বিধিনিষেধ প্রত্যাহার এবং সংস্থাটির কার্যক্রম নির্বিঘ্ন করার নির্দেশ দেওয়া হয়েছিল।