অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিতে রোববার (২১ সেপ্টেম্বর) রাতেই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। সফরসূচি অনুযায়ী, তিনি আগামীকাল ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছাবেন এবং ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেবেন। সফর শেষে ২ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে।
এই সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে রয়েছেন চারজন রাজনৈতিক নেতা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
এর আগে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সাংবাদিকদের জানান, অধিবেশনে প্রধান উপদেষ্টা গত এক বছরে দেশে গৃহীত সংস্কারমূলক পদক্ষেপ এবং আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে একটি কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি বিশ্ব নেতাদের সামনে তুলে ধরবেন।
এছাড়া ৩০ সেপ্টেম্বর তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির নেতৃত্বে আয়োজিত ‘রোহিঙ্গা মুসলিম ও মিয়ানমারের অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি’ শীর্ষক একটি উচ্চপর্যায়ের সম্মেলনেও অংশ নেবেন।





