প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ (শুক্রবার) জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০তম অধিবেশনে ভাষণ দেবেন। স্থানীয় সময় সকাল ৯টায় অধিবেশন শুরু হবে এবং তিনি দিনের ১০ম বক্তা হিসেবে বক্তব্য রাখবেন।
প্রত্যাশা করা হচ্ছে, ভাষণে তিনি অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার কার্যক্রম, ২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থানের চেতনা, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং রোহিঙ্গা সংকটের বিষয় তুলে ধরবেন।
প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে জানান, অধ্যাপক ইউনূস গত ১৪ মাসে সংস্কার প্রক্রিয়া ও অর্থনৈতিক পুনরুদ্ধারের অগ্রগতি বিশ্বসম্প্রদায়ের সামনে উপস্থাপন করবেন।
তিনি আরও বলেন, গণতান্ত্রিক উত্তরণ নিশ্চিত করতে সরকারের উদ্যোগ ভাষণে গুরুত্ব পাবে। প্রেসসচিবের ভাষায়, “মূল বার্তাটি হবে— আগামী বছরের ১৫ ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য এবং উৎসবমুখর।”





