প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, জাতিকে একটি সুষ্ঠু, সুন্দর এবং বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেওয়ার অঙ্গীকার করেছেন তিনি। তবে এই দায়িত্ব শুধু নির্বাচন কমিশনের একার নয়, সংশ্লিষ্ট সবার অংশগ্রহণেই এটি সম্ভব হবে বলে মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার স্থানীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর সঙ্গে পরিচিতিমূলক সভায় সিইসি এসব কথা বলেন। তিনি পর্যবেক্ষকদের নির্বাচন কমিশনের সহযোগী হিসেবে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সিইসি বলেন, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগোতে চান তারা। তিনি জানান, এবার নির্বাচনে নিজস্ব তদারকি ব্যবস্থা ও অফিসিয়াল মেকানিজম আরও শক্তিশালী থাকবে।
তিনি বলেন, পর্যবেক্ষকদের দৃষ্টিভঙ্গিও নির্বাচনকে সঠিকভাবে মূল্যায়নের জন্য গুরুত্বপূর্ণ। তাই যারা পর্যবেক্ষণ করবেন তাদের পেশাদার মানসিকতা নিশ্চিত করতে হবে।
সিইসি আরও জানান, নির্বাচনী পর্যবেক্ষকদের ন্যূনতম বয়স ২১ বছরে নামানো হয়েছে। অনেকের অভিজ্ঞতা কম থাকায় সংস্থাগুলোর দায়িত্ব হবে তাদের প্রশিক্ষণ ও ওরিয়েন্টেশন দেওয়া।





