জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সম্পন্ন হয়েছে। বর্তমানে ভোট গণনা চলছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, প্রতিটি কেন্দ্রে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী কর্মকর্তারা ভোট গণনার দায়িত্বে রয়েছেন। প্রাথমিক ফলাফল কয়েক ঘণ্টার মধ্যে ঘোষণা করা হতে পারে। নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্তত কয়েক হাজার সদস্য মোতায়েন রয়েছেন।
এবারের নির্বাচনে মোট ভোটার ১১ হাজার ৯১৯ জন। পুরুষদের হলের মধ্যে সর্বাধিক ভোটার ছিলেন ২১ নম্বর ছাত্র হলে (৭৩৫) এবং সর্বনিম্ন আল বেরুনী হলে (২১০)। ছাত্রীদের হলের মধ্যে সর্বাধিক ভোটার ছিলেন তারামন বিবি হলে (৯৮৩) এবং সর্বনিম্ন নওয়াব ফয়জুন্নেসা হলে (২৭৯)।
নির্বাচনে ২৫টি পদে ১৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। বামপন্থী, শিবির, ছাত্রদল ও স্বতন্ত্র শিক্ষার্থীদের সমর্থিত ৮টি প্যানেল অংশগ্রহণ করে। তবে কারচুপির অভিযোগ তুলে ছাত্রদল সমর্থিত প্যানেল ভোট বর্জনের ঘোষণা দিয়েছে। বিকেলে মওলানা ভাসানী হলের গেস্ট রুমে সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী এ ঘোষণা দেন।





