জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন শাখা ছাত্রদলের বিদ্রোহী প্রার্থী সৈয়দা অনন্যা ফারিয়া।


মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ সিদ্ধান্ত জানান।


সংবাদ সম্মেলনে অনন্যা বলেন, ‘আমি ৭১ ও ২৪-এর পক্ষে, নারী-পুরুষ সমতার পক্ষে এবং সম্প্রীতি ও সাংস্কৃতিক জাহাঙ্গীরনগরের পক্ষে সম্মিলিত ঐক্যের আহ্বান জানাচ্ছি। এই ঐক্যের স্বার্থে আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করছি। শিক্ষার্থীদের কাছ থেকে পাওয়া সাপোর্ট, ভালোবাসা ও বিশ্বাসের মর্যাদা আমি সব সময় রাখব এবং তাদের কল্যাণে মাঠে থাকব।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, অনন্যার ওপর চাপ সৃষ্টি করা হয়েছিল। তবে এ বিষয়ে তিনি বলেন, ‘আমি চাপের কাছে নতি স্বীকার করি না। নৈতিকতার জায়গা থেকে যা সঠিক মনে করি, তাই করি।’


প্রার্থিতা প্রত্যাহারে ছাত্রদলের কেন্দ্রীয় বা শাখা পর্যায় থেকে যোগাযোগ হয়েছিল কি না—এমন প্রশ্নে অনন্যা বলেন, ‘কোনো ধরনের চাপ বা নির্দেশের কারণে নয়, আমি বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে নিজের সিদ্ধান্তে সরে দাঁড়িয়েছি। আমি গণতান্ত্রিক চর্চায় বিশ্বাসী।’


\r\n\r\n\r\n\r\n\r\n

উল্লেখ্য, গত ২৮ আগস্ট জাকসু নির্বাচনকে কেন্দ্র করে ২৫ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। তবে সেদিনই স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাধারণ সম্পাদক পদে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন সৈয়দা অনন্যা ফারিয়া