জাককানইবি প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) বিজনেস ক্লাবের তৃতীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হয়েছেন মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অনিক চন্দ্র কর এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই বর্ষের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মো. আসাদুজ্জামান।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে আয়োজিত বার্ষিক সংবর্ধনা অনুষ্ঠানে নতুন নেতৃত্বের কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়। কমিটির অন্যান্য পদে দায়িত্ব পেয়েছেন সিনিয়র সহ-সভাপতি শুক্কুর আলী, সহ-সভাপতি মো. নয়ন, কোষাধ্যক্ষ শিশির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আলাওল করীম এবং সাংগঠনিক সম্পাদক টিংকি সাহা।
নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন ক্লাবের উপদেষ্টা ও মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুল মোমেন। এ সময় উপদেষ্টা হিসেবে আরও উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মোহাম্মদ তারিকুল ইসলাম জনি, সহযোগী অধ্যাপক ড. মো. জাহেদুল ইসলাম, ইতিহাস বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ড. মো. শামসুজ্জামান এবং ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক কাজী সাইফুর রহমান। অনুষ্ঠানে ক্লাবের সাবেক ও বর্তমান সদস্যরাও অংশ নেন। অনুষ্ঠানে ‘সক্রিয় সদস্য ’ থেকে নতুন টিম কো-অর্ডিনেটর নির্বাচিত করা হয় এবং নতুন ব্যবসায়িক নাগরিকদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।
সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান বলেন, “আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে বিজনেস ক্লাবকে আরও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তুলব। সামনে প্রশিক্ষণ, কর্মশালা ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে কাজ করার পরিকল্পনা রয়েছে।”
দায়িত্ব নেওয়ার পর সভাপতি অনিক চন্দ্র কর বলেন, “বিজনেস ক্লাবকে একটি প্রাণবন্ত শিক্ষণ ও নেতৃত্ব বিকাশের প্ল্যাটফর্মে পরিণত করতে চাই। সবার সহযোগিতা নিয়ে আমরা নতুন দিগন্ত উন্মোচন করব।”





