দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল এড়িয়ে চলার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। এর পরিবর্তে কূটনৈতিক ব্যক্তিত্ব এবং এতিম, আলেম-উলামা ও মাশায়েখদের সম্মানে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুটি পৃথক ইফতার মাহফিল আয়োজন করা হবে।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ৬ মার্চ কূটনীতিকদের সম্মানে এবং ৭ মার্চ এতিম, আলেম-উলামা ও মাশায়েখদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।
এছাড়া রাজনৈতিক নেতাদের সম্মানে ৮ মার্চ এবং গণমাধ্যমকর্মীদের সম্মানে ১০ মার্চ নির্ধারিত ইফতার অনুষ্ঠানগুলো দেশের সার্বিক অবস্থা বিবেচনায় বাতিল করা হয়েছে।
প্রতিবছর রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মানে ইফতার আয়োজন করা হলেও এবার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সীমিত পরিসরে কর্মসূচি পালন করা হচ্ছে।





