বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন। শুক্রবার রাত সাড়ে ৯টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। বৈঠকে সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপির এক সিনিয়র নেতা জানান, এটি নিয়মিত শিডিউলের বৈঠক নয় এবং নির্দিষ্ট কোনো এজেন্ডাও নির্ধারিত নেই। তবে বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই বৈঠকেই তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান নির্বাচিত করার সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে গত ৪ জানুয়ারি সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দু-এক দিনের মধ্যেই তারেক রহমানকে দলের চেয়ারম্যান নির্বাচিত করা হবে। উল্লেখ্য, ২০১৮ সালে বেগম খালেদা জিয়া কারাবন্দী হওয়ার পর তারেক রহমানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়।





