আগামী ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে ভোটারদের মনোভাব জানার জন্য বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং তাদের ‘পিপলস ইলেকশন পালস সার্ভে রাউন্ড টু’-এর দ্বিতীয় অংশের ফলাফল প্রকাশ করেছে। রাজধানীর আগারগাঁও আর্কাইভ ভবনে বুধবার (২৪ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. রুবাইয়াত সরওয়ার জরিপের প্রধান তথ্য তুলে ধরেন।

জরিপে দেশের ৬৪টি জেলা থেকে ৯ হাজার ৩৯৮টি পরিবার ও ১০ হাজার ৪১৩ জন ভোটারের সঙ্গে আলোচনা করা হয়েছে। ফলাফল অনুযায়ী, ভোটারদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), যাকে সমর্থন জানিয়েছেন ৪১.৩ শতাংশ। তার পরে রয়েছে জামায়াতে ইসলামী (৩০.৩%), আওয়ামী লীগ (১৮.৮%) এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) (৪.১%)।

সরকার গঠনের সম্ভাবনার প্রশ্নে ভোটারদের ৪০ শতাংশ মনে করেন বিএনপি ভবিষ্যৎ সরকার গঠন করবে। অন্যদিকে জামায়াতের সম্ভাবনা মনে করেন ২৩.৩ শতাংশ, আওয়ামী লীগের ১২.১ শতাংশ এবং এনসিপির সম্ভাবনা মনে করেন ৩.৮ শতাংশ ভোটার।

জরিপে দেখা গেছে, ভোটাররা প্রার্থীকে দলীয় প্রতীকের চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। ৬৫.৫ শতাংশ ভোটার প্রার্থী বিবেচনা করে ভোট দিতে আগ্রহী, আর মাত্র ১৪.৭ শতাংশ ভোটার দলীয় প্রতীকের ওপর ভোট দেবেন।

স্থানীয় রাজনীতিতে ভোটারদের সন্তুষ্টির দিকেও জরিপে তথ্য উঠে এসেছে। স্থানীয় কার্যক্রমের ক্ষেত্রে জামায়াতের প্রতি সন্তুষ্টি সবচেয়ে বেশি (১৩.৭%), এনসিপি ৯.১% এবং বিএনপি ৮.২% ভোটারের মধ্যে সন্তুষ্টি প্রকাশ পেয়েছে। বিশেষভাবে তরুণ প্রজন্ম ও নারীরা জামায়াতের কার্যক্রমকে তুলনামূলক বেশি সমর্থন করছেন।

জরিপে আরও দেখা গেছে, ভোটারদের অর্ধেকের বেশি (৪৫.৫৮%) মনে করেন, আওয়ামী লীগের বিচার শেষ না হলে নির্বাচনে অংশ নেওয়া উচিত নয়, তবে ৪৫.৭৯ শতাংশ ভোটার সব দলকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া উচিত বলে মনে করেন।

আওয়ামী লীগ নির্বাচনে না এলে ভোটারদের একটি বড় অংশ অন্য দলকে সমর্থন দিতে প্রস্তুত। আওয়ামী লীগের ভোটারদের মধ্যে ২০% ভোট দিতে আগ্রহী বিএনপিকে, ১৪.৮% জামায়াতকে এবং ২.১% এনসিপিকে। এমন পরিস্থিতিতে সরকার গঠনের যোগ্য দল হিসেবে বিএনপিকে মনে করেন ৩৯.১%, জামায়াতকে ২৮.১% এবং এনসিপিকে ৪.৯% ভোটার।

জরিপে দেখা গেছে, ভোটাররা ভবিষ্যৎ সরকারের কাছে পুলিশ সংস্কার, দুর্নীতি রোধ এবং আইনশৃঙ্খলার নিরপেক্ষতা নিশ্চিত করার প্রত্যাশা করছেন। তবে একটি বড় অংশ এখনও ভবিষ্যৎ সরকার নিয়ে সিদ্ধান্তহীন। ইনোভেশন কনসাল্টিং-এর এই জরিপ দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং জনগণের মনোভাবের একটি গুরুত্বপূর্ণ চিত্র তুলে ধরেছে।
 
গত মার্চেও একটি জরিপ চালিয়েছিলো ইনোভেশন কনসাল্টিং। ওই সময়ের তুলনায় সেপ্টেম্বরের জরিপে দেখা গেছে, পছন্দ প্রাকাশ করা ভোটারদের মধ্যে বিএনপির শেয়ার ০.৪০ পয়েন্ট এবং জামায়াতের ১.৩ পয়েন্ট কমেছে। অপরদিকে আওয়ামী লীগের ৪.৮০ পয়েন্ট বেড়েছে।

জরিপে দেখা গেছে, বিএনপি ৬টি বিভাগে এগিয়ে আছে, জামায়াত রংপুরে এবং আওয়ামী লীগ বরিশালে এগিয়ে আছে।