জয়পুরহাট প্রতিনিধি: আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে জয়পুরহাটে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, তথ্য অধিকার আইনের যথাযথ প্রয়োগ ও সহযোগিতার মাধ্যমে পরিবেশ রক্ষা করে অবাধ তথ্য সেবা নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি কর্মকর্তাদের আরও যত্নবান হওয়া জরুরি।

রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (যুগ্মসচিব) আফরোজা আকতার চৌধুরী। সঞ্চালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-আল-মাহবুব।

সভায় বক্তব্য দেন সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক ইমাম হাশিম, জয়পুরহাট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাশরেকুল আলম, চেম্বারের পরিচালক এম. এ করিম, ৭১ টিভির জেলা প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন, দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি ওমর আলী, দৈনিক যায়যায়দিনের জেলা প্রতিনিধি ইসমাইল হোসেন এবং দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধি আল মামুন।

তথ্য অধিকার আইন ও এ সংক্রান্ত ভিডিও চিত্র প্রদর্শন করেন জেলা তথ্য কর্মকর্তা মো. ইব্রাহিম মোল্লা সুমন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ শফিকুল ইসলাম তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক মোহা. সবুর আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন নাহার, জয়পুরহাট সদর উপজেলার ইউএনও রাশেদুল ইসলাম, পাঁচবিবি ইউএনও রোমানা রিয়াজ, আক্কেলপুর ইউএনও মনজুরুল আলম, কালাই ইউএনও শামিমা আক্তার জাহান, ক্ষেতলাল ইউএনও আসিফ আল জিনাতসহ সরকারি-বেসরকারি কর্মকর্তারা।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “পরিবেশ রক্ষায় ডিজিটাল যুগে তথ্য অধিকার নিশ্চিতকরণ এ প্রতিপাদ্য বাস্তবায়নে তথ্য সংগ্রহ ও প্রদানে সবাইকে দায়িত্বশীল হতে হবে। তথ্য দাতা ও গ্রহীতা পরস্পরের সহযোগিতার মাধ্যমে তথ্য সেবা সহজলভ্য করলে জনগণ প্রকৃত উপকার পাবে।”