ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের শ্রীনগরে নোগাম থানায় ভয়াবহ বিস্ফোরণে নয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২৯ জন আহত হয়েছেন।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শনিবার মধ্যরাতে থানা থেকে জব্দ করা বিস্ফোরকের নমুনা পরীক্ষা করার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে বেশিরভাগ পুলিশ ও ফরেনসিক টিমের সদস্য। শ্রীনগর প্রশাসনের দুই কর্মকর্তাও নিহতদের মধ্যে রয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বিস্ফোরণে আহতদের দ্রুত সেনাবাহিনীর ৯২ বেস হাসপাতাল এবং শের-ই-কাশ্মির ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত নোগাম থানায় ছুটে যান এবং পুরো এলাকা ঘিরে ফেলেন।





