জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চলমান তিন দফা দাবির আন্দোলনে পূর্ণ সংহতি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থান অংশগ্রহণকারী উমামা ফাতেমা। বৃহস্পতিবার (১৬ মে) এক ফেসবুক পোস্টে তিনি এই সংহতির বার্তা দেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে কড়া বার্তা দিয়ে বলেন, “সাবধান, ছাত্রদের গায়ে যাতে একটা টোকাও না লাগে।”

\r\n

বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। তাদের দাবি, আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য ২০২৫–২৬ অর্থবছর থেকে আবাসন বৃত্তি চালু করতে হবে। এছাড়া চলতি অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করে অনুমোদন এবং দ্বিতীয় ক্যাম্পাসের কাজ একনেক সভায় অনুমোদন দিয়ে দ্রুত বাস্তবায়ন করতে হবে।

\r\n

উল্লেখ্য, গতকাল শিক্ষার্থীদের ঘোষিত লংমার্চ কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল ছুড়ে দেয়। এতে শিক্ষকসহ বহু শিক্ষার্থী আহত হন। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে উমামা বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলন শুধু ছাত্রদের নয়, এতে শিক্ষক, কর্মচারী, সবাই যুক্ত। অথচ তাদের ওপর হামলা হয়েছে।”

\r\n

উমামা ফেসবুক পোস্টে আরও লেখেন, “জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রতিদিন মিছিল হতো। সেই মিছিলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিশাল অংশগ্রহণ ছিল। জবির দুইজন ভাই সেই আন্দোলনে শহিদ হয়েছেন। অথচ তাদের অবদান সবসময় উপেক্ষিত থেকেছে।”

\r\n

তিনি বলেন, “বিগত সরকারগুলোর আমলে বছরের পর বছর জগন্নাথের শিক্ষার্থীরা আবাসিক হলের দাবিতে আন্দোলন করেছে। এখনো সেই দাবির সমাধান আসেনি। একটি বিশ্ববিদ্যালয়ে আবাসিক হল শিক্ষার্থীদের অধিকার—সেই অধিকার পেতে কেন ২০ বছর ধরে আন্দোলন করতে হবে?”

\r\n

উমামা ফাতেমা আশা প্রকাশ করেন, অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দাবি মেনে শিক্ষার্থীদের আসনসংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেবে।