জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনিক কুমার দাসকে হত্যাচেষ্টার অভিযোগে কোতোয়ালি থানার মামলায় সাবেক ছাত্রলীগ সভাপতি এফএম শরিফুল ইসলামকে বুধবার (১০ সেপ্টেম্বর) গ্রেপ্তার দেখানো হয়েছে। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. মিজবাহ উর রহমানের আদালত এ আদেশ দেন।


কারাগার থেকে আদালতে হাজির করা হলে তার উপস্থিতিতে গ্রেপ্তার দেখানোর শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখিয়ে আবার কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।


মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক কেএম আবদুল গত ৭ সেপ্টেম্বর গ্রেপ্তার দেখানোর আবেদন করেছিলেন। আদালত ১০ সেপ্টেম্বর এই শুনানির জন্য দিন ধার্য করেন।


মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক পার হয়ে মহানগর দায়রা জজ আদালতের সামনে গেলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অতর্কিত গুলিতে অনিক কুমার দাস আহত হন। তাকে প্রথমে ঢাকা ন্যাশনাল মেডিকেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় অনিক বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।


উল্লেখ্য, ১৮ আগস্ট বিকেলে শরিফুল ইসলামকে ওয়ারী থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন ১৯ আগস্ট যাত্রাবাড়ী থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় আদালতে হাজির করা হলে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়।