কুমিল্লা জেলা প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ৫ (বুড়িচং- ব্রাক্ষণপাড়া) আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী ড. মোবারক হোসাইন। তিনি আসনের দুই উপজেলার প্রশাসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহের পাশাপাশি জনতার ইশতেহার মতামত গ্রহন বোর্ডও উন্মোচন করেন।
আজ ১৭ ডিসেম্বর সকাল ১১টায় ড. মোবারক হোসাইন ব্রাক্ষণপাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারের নিকট এবং দুপুর ১টায় বুড়িচং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাচন অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। তিনি ২০১৮ সালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া, বুড়িচং-ব্রাক্ষণপাড়া জনপদের উন্নয়নের লক্ষ্যে ২০১৯ সালে তিনি বুড়িচং ব্রাক্ষণপাড়া উন্নয়ন ফোরাম সংস্থার কার্যক্রম শুরু করেন।
একই দিনে দুই উপজেলার প্রধান বাজারে “জনতার ইশতেহার (মতামত দিন)” শিরোনামে দুটি বোর্ডও উন্মুক্ত করা হয়। ড. মোবারক হোসাইন বলেন, “আমাদের ইশতেহার হবে সাধারণ মানুষের ইশতেহার। আমরা দুর্নীতি, চাদাবাজি ও অন্যায় জুলুমের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় কাজ করব।”
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলার নায়েবে আমির অধ্যাপক আলমগীর হোসেন, কুমিল্লা ৫ আসনের নির্বাচন কমিটির সদস্য সচিব আব্দুল আউয়াল, সাবেক বুড়িচং উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল আলম, সাবেক ব্রাক্ষণপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান আতিকি সহ অন্যান্য নেতৃবৃন্দ।





