নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিয়ে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে পারলে দেশে স্থিতিশীলতা ফিরবে। তার অভিযোগ, অতীতে নির্বাচন কমিশন সরকারের মতো আচরণ করেছে। তবে এবার কমিশনের সামনে মানুষের আস্থা ফিরে পাওয়ার সুযোগ রয়েছে।
রোববার (১৬ নভেম্বর) সংলাপের দ্বিতীয় দিনে তিনি বলেন, টানা তিনবার জনগণ ভোট দিতে পারেনি, যা দেশের সবচেয়ে বড় হতাশা। নিবন্ধিত দল বহু হলেও আলোচনা হয় মাত্র কয়েকটির সঙ্গে, যা নিরপেক্ষতার বিরোধী। তার ভাষায়, অতীতে পরিস্থিতি এমনভাবে তৈরি করা হয়েছিল যেন “শেখ হাসিনাই বাংলাদেশ।”
কাদের সিদ্দিকী ভোটকেন্দ্রের ফল বদলে দেওয়ার অভিযোগও তোলেন। উদাহরণ হিসেবে তিনি জানান, এক কেন্দ্রে ১,৭০৮ ভোটের সংখ্যা বেড়ে ২,৬০০ হয়েছে।
গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গে করার সিদ্ধান্তকে তিনি অযৌক্তিক বলে মন্তব্য করেন। তার মত, একাধিক প্রশ্নে ভোট দেওয়ার পদ্ধতি সাধারণ মানুষ জানে না, ফলে অংশগ্রহণ কম হলে পুরো প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হতে পারে।
ইসিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ভোটের স্বাধীনতা নিশ্চিত করতে পারলে বাংলাদেশ সুইজারল্যান্ডের চেয়েও শান্ত দেশ হিসেবে দাঁড়াবে।





