জাতীয় নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “জনগণ যদি নির্বাচনমুখী হয়, তবে কোনো ষড়যন্ত্রই সফল হবে না।”

শনিবার (২৩ আগস্ট) বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) হিমাগার, কেন্দ্রীয় বীজ পরীক্ষাগার ও সবজি বীজ প্রক্রিয়াকরণ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ঘোষিত সময় অনুযায়ী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই লক্ষ্যে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “লুট হওয়া অস্ত্র উদ্ধারে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে। শুধু নির্বাচনকে ঘিরেই নয়, বরং সব সময়ের জন্যই অবৈধ অস্ত্র প্রবেশ ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। আগের তুলনায় সীমান্ত এখন অনেক বেশি সুরক্ষিত।”

তিনি আরও বলেন, “আগে মানুষ তাদের মত প্রকাশ করতে পারত না। এখন মানুষ সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুকে অনেক কিছুই লিখতে পারছে।”

সবজির দাম বাড়ার বিষয়ে তিনি বলেন, “বৃষ্টির কারণে কিছু সবজি নষ্ট হয়ে গেছে বলে দাম বেড়েছে। সরকার আলু কিনবে এবং দাম নির্ধারণ করে দেবে যাতে কৃষক ন্যায্যমূল্য পান।”

তিনি আশা প্রকাশ করেন, নির্ধারিত সময়েই অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে এবং দেশের জনগণ শান্তিপূর্ণভাবে সেই প্রক্রিয়ায় অংশ নেবে।