বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, জঙ্গিবাদের বিরুদ্ধে জামায়াত দৃঢ়ভাবে রুখে দাঁড়াবে। একইসঙ্গে তিনি দাবি করেন, আওয়ামী লীগ এখন ‘গণ কেইস’ এবং তাদের বাংলাদেশে ফেরার আর কোনো সম্ভাবনা নেই।

শনিবার বিকেলে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় মহাসমাবেশে বক্তব্য রাখেন তিনি।

ডা. তাহের বলেন, “এখন সময় এসেছে নতুন বাংলাদেশ গড়ার। ৫ আগস্ট দেশে নতুন একটি প্রেক্ষাপট তৈরি হয়েছে। যারা পুরোনো কায়দায় দেশ শাসন করতে চায়, জনগণ তাদের আর সুযোগ দেবে না।”

তিনি আরও বলেন, “কেউ কেউ সংস্কারের কথা বললেও বাস্তবে তারা তা চান না। কেউ কেউ সভায় সংস্কারের পক্ষের ভান করেন, অথচ তাদের ভেতরে অন্য মতলব কাজ করে। পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে ভোটকেন্দ্র দখল বা ভোট কেনাবেচার সুযোগ থাকবে না।”

সংসদ নির্বাচন নিয়ে ডা. তাহের বলেন, “কেউ কেউ বলেন, তারা সংসদে সংস্কারের নিশ্চয়তা দেবেন। প্রশ্ন হলো—আপনারা কীভাবে নিশ্চিত করছেন, আপনারাই জিতবেন? ইনশাআল্লাহ, বাংলাদেশপন্থী ও ইসলামপন্থীরাই আগামীতে বিজয়ী হবে।”

তিনি জুলাই সনদের একটি আইনগত ভিত্তি তৈরিরও দাবি জানান। তাহের বলেন, “একটি লিখিত আইন প্রণয়ন করতে হবে, যেখানে উল্লেখ থাকবে—আগামী নির্বাচনে যারা জিতবে, তারাই জুলাই সনদের বাস্তবায়ন করবে।”

এর আগে দুপুর ২টায় জাতীয় সমাবেশের মূল পর্ব শুরু হয় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে। সকাল ৯টা ৪০ মিনিটে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে সমাবেশের প্রথম পর্ব শুরু হয়। দুপুর ১২টা ১৫ মিনিটে সমাবেশস্থলে পৌঁছান জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তাকে স্বাগত জানাতে দুই পাশে অবস্থান নেওয়া নেতাকর্মীরা স্লোগান দিতে থাকেন।

দলের শীর্ষ নেতারা জানান, এই সমাবেশ স্মরণকালের অন্যতম বৃহৎ জনসমাগম, যার মাধ্যমে দলটি রাজনীতির ময়দানে নতুনভাবে অবস্থান জানান দিতে চায়।

সমাবেশের শেষদিকে নতুন প্রজন্মের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তবে বক্তব্যের শুরুতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। কিছুক্ষণ বিশ্রামের পর তিনি আবার বক্তব্য দেন।