ছেলের হত্যাকারী চোখের সামনে ঘুরে বেড়ালেও এখনো গ্রেপ্তার করা হয়নি—এমন অভিযোগ করেছেন শহীদ শাফিক উদ্দিন আহমেদ আহনাফের মা জারতাজ পারভীন সাফাক। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের ওপর থেকে তার বিশ্বাস ভেঙে গেছে।

রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। অনুষ্ঠানে বিএনপির শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।

জারতাজ পারভীন সাফাক বলেন, “আমার ছেলের খুনি আমার চোখের সামনে বসবাস করছে। আমি নিজের চোখে দেখতে পাচ্ছি, কিন্তু এখন পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হয়নি। যে আশা নিয়ে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল, সেই আশা পূরণ হয়নি।”

তিনি জানান, গত ৪ আগস্ট মিরপুর-১০ এলাকায় আন্দোলনে অংশ নেওয়ার সময় তার ছেলে গুলিবিদ্ধ হন। গুলি তার ডান বুকে ঢুকে বাম দিক দিয়ে বেরিয়ে যায়। আহনাফ বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির মেধাবী ছাত্র ছিলেন।

ছেলের স্বপ্নের কথা তুলে ধরে তিনি বলেন, “সে একজন বড় ব্যবসায়ী হতে চেয়েছিল। গিটার বাজাতে খুব ভালোবাসত। একজন বড় ব্র্যান্ড শিল্পী হওয়ার স্বপ্ন ছিল তার। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে তিনি বলেন, “শেখ হাসিনার আমলে আপনারাও নির্যাতনের শিকার হয়েছেন। আপনার মা দীর্ঘদিন কারাগারে ছিলেন, আপনি দেশে ফিরতে পারেননি। আজ আমাদের সন্তানরা রক্ত দিয়েছে বলেই আপনি আজ এখানে আছেন। আমি চাই, আগামী দিনে আপনারা ক্ষমতায় এলে আমাদের সন্তানদের হত্যার বিচার নিশ্চিত করবেন।”

তিনি আরও বলেন, “আমরা কোনো রাজনৈতিক দলের নই। আমরা বিএনপি, জামায়াত কিংবা আওয়ামী লীগ—কিছুই করি না। আমরা সাধারণ খেটে খাওয়া মানুষ। আমাদের একটাই দাবি—সব শহীদকে এক নজরে দেখুন এবং সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করুন।”