ছেঁড়া, পোড়া বা বিভিন্ন কারণে নষ্ট হওয়া কাগজের নোট বদল নিয়ে গ্রাহকদের ভোগান্তি কমাতে নতুন নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নীতিমালা অনুযায়ী, নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে নষ্ট নোটের বিপরীতে গ্রাহকরা ব্যাংক থেকে অর্থ ফেরত পাবেন। এ বিষয়ে কোনো ব্যাংক শাখা অনীহা দেখালে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
সম্প্রতি জারি করা এক সার্কুলারের মাধ্যমে দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীদের এ নির্দেশনা দেওয়া হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে। সার্কুলারে জানানো হয়, ‘বাংলাদেশ ব্যাংক নোট প্রত্যর্পণ প্রবিধান ২০২৫’ কার্যকর করা হয়েছে এবং একই সঙ্গে বাতিল করা হয়েছে ‘বাংলাদেশ ব্যাংক নোট রিফান্ড রেগুলেশনস ২০১২’।
নতুন নীতিমালায় বলা হয়েছে, কোনো নোটের ৯০ শতাংশের বেশি অংশ অক্ষত থাকলে গ্রাহক সম্পূর্ণ মূল্য ফেরত পাবেন। এর কম হলে নোটের অবশিষ্ট অংশের ভিত্তিতে নির্ধারিত হারে মূল্য দেওয়া হবে। আগে এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা না থাকায় গ্রাহকদের নানা সমস্যায় পড়তে হতো।
নীতিমালা অনুযায়ী, কোনো নোট দুই খণ্ডে বিভক্ত হলে খণ্ড দুটি সন্দেহাতীতভাবে একই নোটের অংশ হতে হবে। জমা নেওয়ার সময় নোটের উল্টো পিঠে সরু সাদা কাগজ দিয়ে খণ্ড দুটি যুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে নোট শনাক্তে অসুবিধা না হয়। একইভাবে, যেসব জীর্ণ নোট পরীক্ষার সময় আরও ছিঁড়ে যাওয়ার আশঙ্কা থাকে, সেগুলোর ক্ষেত্রেও একই ব্যবস্থা নিতে বলা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ক্ষতিগ্রস্ত বা নষ্ট প্রচলিত নোট কেন্দ্রীয় ব্যাংকের শাখা অফিসের পাশাপাশি বাণিজ্যিক ব্যাংক থেকেও বদল করা যাবে। সাধারণত যেসব নোটের ৯০ শতাংশের বেশি অংশ অক্ষত থাকে, সেগুলো তাৎক্ষণিকভাবে বদল করে দেওয়া হবে। অন্যান্য নোটও নিয়ম অনুযায়ী নিষ্পত্তি করা হবে।
কোনো ব্যাংক শাখায় নোট বদলে সমস্যা হলে গ্রাহক সংশ্লিষ্ট ব্যাংকে আবেদন করতে পারবেন। শাখা ও প্রধান কার্যালয়ে সমাধান না হলে বিষয়টি কেন্দ্রীয় ব্যাংকে পাঠানো হবে। আবেদন পাওয়ার আট সপ্তাহের মধ্যে কেন্দ্রীয় ব্যাংক চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে এবং মূল্য প্রদেয় হলে সংশ্লিষ্ট ব্যাংকের হিসাবে অর্থ সমন্বয় করা হবে।
সুষ্ঠু নগদ লেনদেন নিশ্চিত করতে ছেঁড়া-ফাটা, ত্রুটিপূর্ণ ও ময়লাযুক্ত নোটের বিনিময় সেবা নিয়মিতভাবে দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ সেবায় কোনো শাখা অনীহা দেখালে কঠোর ব্যবস্থা নেওয়ারও সতর্কতা দেওয়া হয়েছে।





