ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের কর্মীকে নিজেদের কর্মী ট্যাগ দিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন আলমের পোস্ট সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। গত সোমবার (১৩ তারিখ) ছাত্রলীগ নেতা এ পোস্টটি করেন। ওই ছাত্রদল কর্মী হলেন তানভীর আহমেদ সতেজ। সে শাখা ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমী মিথুনের অনুসারী বলে জানা গেছে।
এছাড়াও পূর্বে বেশকয়েকজন ছাত্রদলকর্মীর বিরুদ্ধে ছাত্রলীগ সংশ্লিষ্টতার নিউজ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। ওই ছাত্রদল কর্মীরা হলেন- হুজ্জাতুল্লাহ ভুইয়া, এনামুল হক ইমন, মুফতাইন আহম্মাদ সাবিক , সাদ ওসমানসহ অন্যরা।
পোস্টে ছাত্রলীগ নেতা শাহীন আলম উল্লেখ করেন- \"এই ছেলের নাম সতেজ। সে ছাত্রলীগের লুঙ্গির নিচ থেকে বের হয়েছে। ছ্যাছড়ামির কয়টা ইস্কিন শর্ট এবং ডিটেইলস দিলাম।
ইসলামী বিশ্ববিদ্যালয় ভর্তি হবার পর ছাত্রলীগের বিভিন্ন প্রোগ্রামে আসতো এবং বিভিন্ন রেফারেন্স নিয়ে আসতো হলে উঠার জন্য। ছাত্রলীগের হল নেতাদের সাথে ১৬ডিসেম্বর খাবারের টোকেন নেওয়া এবং ঈদ বোনাসের জন্য বারেবারে কল দিতো কিন্তু গতকাল দেখলাম সে ছাত্রদলের সাথে মিশে গেছে।\"
এছাড়াও পোস্টে দুইটি ছবি যুক্ত করেন ছাত্রলীগের সাবেক ঐ নেতা। সেখানে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু ও ইবি ছাত্রলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেনের সঙ্গে দেখা যায় অভিযুক্ত ঐ ছাত্রদল কর্মীকে।
ছাত্রদলে সংযুক্তির বিষয়ে জানতে চাইলে ইবি ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমী মিথুন বলেন, \"তানভীর আহমেদ সতেজ ছাত্রলীগ করতো কিনা-তা আমি জানতাম না। কিন্তু ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সামনের সারিতে যুক্ত ছিল। পরবর্তীতে ওর সাথে আমার পরিচয় হয়। যখন সে বলল যে, ভাই আমি দল করব। 'আমি বললাম ঠিক আছে আসবা সমস্যা নাই। সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলমও তো একসময় ছাত্রলীগ করতো।\"
অভিযোগের বিষয়ে জানতে তানভীর আহমেদ সতেজকে কল করা হলে দশ সেকেন্ড কথা বলে ফোন কেটে দেন। পরে একাধিকবার কল করা হলেও সাড়া পাওয়া যায়নি।





