জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে তাদের নতুন রাজনৈতিক দল ঘোষণা করতে যাচ্ছে। তিনি আজ রংপুরের কারমাইকেল কলেজে কাউনিয়া ও পীরগাছায় অধ্যয়নরত শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের বলেন, ইতিমধ্যে জাতীয় নাগরিক কমিটি ২০০টি থানা কমিটি গঠন করেছে এবং জানুয়ারির মধ্যে ৪০০টিরও বেশি থানা কমিটি গঠনের লক্ষ্যে কাজ চলছে। তিনি জানান, জাতীয় নাগরিক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দেশের বিভিন্ন অঞ্চলে কাজ করে যাচ্ছে এবং আগামী ফেব্রুয়ারির মধ্যে আনুষ্ঠানিকভাবে দল ঘোষণার পরিকল্পনা রয়েছে।
\r\nআখতার হোসেন আরও জানান, দলটির নাম এখনো চূড়ান্ত হয়নি, তবে ১০০টিরও বেশি নাম প্রস্তাবিত হয়েছে, যার মধ্যে থেকে চূড়ান্ত নামকরণ করা হবে।
\r\nএছাড়া, আখতার হোসেন বলেন, দেশে কিছু মহল আওয়ামী লীগকে আবার নির্বাচনে আনার প্রচেষ্টা চালাচ্ছে, তবে দেশের জনগণ এই ধরনের প্রচেষ্টার বিরুদ্ধে শক্তভাবে প্রতিরোধ করবে। তিনি উল্লেখ করেন, দেশের জনগণ গত জুলাই মাসের গণ-অভ্যুত্থানে নতুন একটি বাংলাদেশের জন্য আন্দোলন করেছে এবং তারা নতুন সংবিধান চায়। এ প্রেক্ষিতে, একটি গণপরিষদ নির্বাচনের প্রয়োজনীয়তা এবং তাদের প্রচারণা চালানোর কথা বলেন।
\r\nএর আগে, আখতার হোসেন রংপুরের কাউনিয়া বালিকা উচ্চবিদ্যালয় মাঠে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির রংপুরের সংগঠকরা।





